বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিপেটায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ও দলটির আন্তর্জাতিকবিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন আহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছিলেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসবক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। শায়রুল কবির খান বলেন, শান্তিপূর্ণ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। নেতাকর্মীদের রক্ষা করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় ইশরাক হোসেন আহত হয়েছেন বলে জানান শায়রুল।
পুলিশের লাঠিপেটা শুরু হলে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও হাবিবুন্নবী খান সোহেলকে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে নিয়ে যান। অনেক নেতাকর্মী দৌড়ে অন্যত্র সরে যান। তবে এ সময় তাদের স্লোগান দিতে দেখা গেছে।